কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা টেলিভিশনে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিয়ে প্রচারিত প্রতিবেদনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবেদনটির বিষয়ে স্বচ্ছ তদন্তের দাবী করেছে খেলাফত মজলিস। খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের রবিবার গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে বলেন, আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিবৃতি প্রদান করা হয়েছে তা জনমনে সৃষ্ট উদ্বেগ ও আশংকা নিরসনে যথেষ্ট নয়। প্রতিদেনে উল্লেখিত বিষয়গুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ তা বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভাবমূর্তির সাথে জড়িত। তারা বলেন, এ জন্য আল-জাজিরায় প্রচারিত প্রতিবেদনের বিষয়ে একটি স্বচ্ছ তদন্ত প্রয়োজন ও সে আলোকে যথাযথ পদক্ষেপ গ্রহন সময়ের দাবী। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশবাসী আশা করে আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে স্বচ্ছভাবে তদন্ত করে সে তদন্তের ফলাফল প্রকাশ করে জনমনে সৃষ্ট উদ্বেগ ও আশঙ্কা দূর করতে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহন করবে।