রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ তুলে জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের তিন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের এই কূটনীতিকরা গত ২৩ জানুয়ারি নাভালনির পক্ষে অনুষ্ঠিত ‘অবৈধ বিক্ষোভে’ অংশ নিয়েছিলেন। খবর এপির ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল শুক্রবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করার কয়েক ঘণ্টা পর কূটনীতিকদের বহিষ্কারের এই ঘোষণা এলো। গত ২৩ এবং ৩১ জানুয়ারিতে রাশিয়াজুড়ে নাভালনির সমর্থনে বিক্ষোভে অংশ নিয়েছিল হাজার হাজার মানুষ। সে বিক্ষোভে কয়েক হাজার মানুষ গ্রেপ্তারও হয়। সুইডেন তাদের কোনো কূটনীতিকের বিক্ষোভে অংশ নেওয়ার কথা ‘ভিত্তিহীন’ বলে অস্বীকার করেছে। জার্মানি কূটনীতিক বহিষ্কারের পদক্ষেপকে অন্যায় বলে আখ্যা দিয়েছে এবং রাশিয়া আইনের শাসন থেকে আরেক ধাপ সরে গেল বলে সমালোচনা করেছে। এই পদক্ষেপ রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর সংকটে ফেলবে বলে জানিয়েছে পোল্যান্ড। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল রাশিয়ার পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন এবং কূটনীতিকদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন। ইইউ-এর এই প্রতিক্রিয়ার জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, নাভালনির ঘটনা নিয়ে ইউরোপ কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে তা বৈধ হবে না।