সবকিছু ঠিক থাকলে কাল রোববার সারাদেশে একযোগে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরু হবে। সারাদেশের হাসপাতাল ও টিকাদান কেন্দ্রে এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে। সর্বশেষ প্রস্তুতির অংশ হিসেবে গতকাল শুক্রবার সিভিল সার্জনদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা টিকাদান কর্মসূচি সফল করতে সিভিল সার্জনদের বেশকিছু দিকনির্দেশনা দেন। রোববার সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজে টিকা নিয়ে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে।