অবিলম্বে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বর্তমান ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ তদন্তের জোর দাবী জনিয়েছে খেলাফত মজলিস।আজ খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের প্রদত্ত এক যৌথ বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের অনুগত ব্যর্থ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অসদাচরণের যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে তারপর এ পদে বহাল থাকার তাদের কোন নৈতিক অধিকার নেই। সাংবিধানিক পদে থেকে গুরুতর অনৈতিক ও অর্থসংশ্লিষ্ট অসদাচরণ অভিশংসনযোগ্য অপরাধ। এ কমিশনের বিরুদ্ধে অনেকগুলো গুরুতর অভিযোগ উত্থাপিত হলেও তা তদন্তে কোন অগ্রগতি নেই। অভিযোগগুলোর যথার্থ বিশ্বাসযোগ্যতা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন পেশাজীবি, বিশিষ্ট আইনজীবি ও বিশিষ্ট নাগরিকরা তথ্য-উপাত্তসহ ব্যবস্থা গ্রহণের আবেদন করলেও তার কোন প্রক্রিয়া পরিলক্ষিত হচ্ছে না। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বর্তমান নির্বাচন কমিশন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আগের রাতে ভোট চুরির নির্বাচনের মাধ্যমে ইতহাসের নজিরবিহীন ঘটনা ঘটিয়ে জনগনের ভোটের অধিকার ভূলুন্ঠিত করেছে। ঐ রকম একটি নির্বাচনের পর ন্যূনতম সম্মানবোধ থাকলে সিইসিসহ নির্বাচন কমিশনের আরো আগে পদত্যাগ করা উচিত ছিলো। দেশের রাজনৈতিক দলগুলোও বারবার বর্তমান সরকারের আজ্ঞাবহ সিইসি নূরুল হুদাসহ কমিশনারদের পদত্যাগ দাবী করে আসছিলো। অথচ সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ নির্বাচন কমিশনের পক্ষে সাফাই গাইছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির বিচার না হলে দেশে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। তাই বর্তমান ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে নয়তো সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদের অভিশংসন করতে হবে।